ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সোমালিয়ার হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত ৯

ads

আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি হোটেলে বন্দুক হামলায় অন্তত নয়জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন বলে জানিয়েছে পুলিশ। সশস্ত্র সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত সোমালি জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের যোদ্ধারা হামলাটি চালিয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।


রবিবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটার পর হোটেল আফ্রিকাতে নিরাপত্তা বাহিনী ও আল-শাবাব যোদ্ধাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। পরে সোমবার (১ ফেব্রুয়ারি) ভোররাত পর্যন্ত চলে এই বন্দুকযুদ্ধ। নিরাপত্তা বাহিনী শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানিয়েছেন ওই মুখপাত্র।


ঘটনাস্থল থেকে ফেসবুকের মাধ্যমে পুলিশের মুখপাত্র সাদিক আলী বলেন, এখন অভিযান শেষ হয়েছে। চার হামলাকারীসহ নয়জন নিহত হয়েছেন। এতে ১০ জনেরও বেশি বেসামরিক আহত হয়েছেন।


বিবৃতির মাধ্যমে সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন রুবল জানিয়েছেন, এবারের হামলায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে মোহাম্মদ নুর গালাল নামে সামরিক বাহিনীর একজন সাবেক জেনারেল রয়েছেন।


তিনি বলেছেন, বর্বর এ হামলার নিন্দা জানাই আমি। যারা মারা গেছেন আল্লাহ তাদের ক্ষমা করুন। দেশের প্রতিরক্ষায় ৫০ বছরেরও বেশি সময় ধরে ভূমিকা রাখার জন্য জেনারেল মোহাম্মদ নুর গালালকে স্মরণ করা হবে।


উল্লেখ্য, সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে উৎখাতের লক্ষ্যে ২০০৮ সাল থেকে লড়াই করে আসছে আল শাবাব। প্রচলিত সরকার ব্যবস্থা উচ্ছেদ করে তারা দেশটিতে তাদের নিজস্ব ব্যাখ্যা সম্বলিত কঠোর ইসলামি আইন চালু করতে চায়। মোগাদিশু ও সোমালিয়ার অন্যান্য এলাকায় তারা নিয়মিত বন্দুক ও বোমা হামলা চালিয়ে আসছে।

ads
ads
ads

Our Facebook Page